পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

প্রবাসজীবনের পাঁচ বছর শেষে ৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল পটিয়ার যুবক পুলক নাথের। ছেলের ফেরার দিনটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন মা। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পাওয়ার আনন্দে অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। কিন্তু সেই অপেক্ষার পরিণতি যে এতটা হৃদয়বিদারক হবে, তা কল্পনাও করেননি পরিবারের কেউ।

নির্ধারিত সময়ের আট দিন পর দেশে ফিরেছেন পুলক। তবে বিমানবন্দরে নেমেছেন জীবিত অবস্থায় নয়, কফিনবন্দী হয়ে।

পরিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা শহরে মিশরীয় এক নাগরিক রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ হারান ২৫ বছর বয়সী পুলক নাথ। গত ৩১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। মৃত্যুর ১৪ দিন পর শনিবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁর মরদেহ। পরে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন।

পুলক নাথের মরদেহবাহী কফিনের চারপাশে ভিড় করে কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা
প্রিয়জনের নিথর দেহ কফিনে করে বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত মধুসূদন নাথের বড় ছেলে।

পরিবারের দাবি, মাত্র ২০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পুলকের ছোট ভাই অলক নাথের ভাষ্য, মিসরীয় এক রুমমেট তাঁর ভাইয়ের কাছে ওই পরিমাণ অর্থ চেয়েছিলেন। পুলক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অবশেষে দেশে আনা হয় পুলকের মরদেহ।

শনিবার (১৪নভেম্বর) দুপুরে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা রানী বালা দেবী। তিনি বলেন, ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশায় দিন গুনছিলেন। কিন্তু সেই ছেলে আজ কফিনে করে বাড়ি ফিরেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিচার নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চান তিনি।

পরিবারের আর্থিক দায়িত্ব ছিল পুলকের কাঁধে। বাবার মৃত্যুর পর সংসারের অভাব দূর করতে জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন তিনি। তাঁর ছোট ভাই অলক নাথ প্রতিবন্ধী। মা ও ছোট ভাইকে নিয়ে ছিল তাঁর স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

অলক নাথ জানান, দূতাবাসের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, সংশ্লিষ্ট দেশে এ ঘটনায় মামলা চলমান রয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মন্ত্রণালয়ে আবেদনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পুলকের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করলে পরিবারটি তিন লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারে।

শনিবার বিকেল ৩টার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক শ্মশানে পুলক নাথের শেষকৃত্য সম্পন্ন হয়।