প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭টি ক্যাটাগরিতে ৭৪৬টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম থেকে ২০তম গ্রেডে এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থী আবেদন করতে পারবেন। এর মধ্যে স্নাতকোত্তর, স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাস প্রার্থীদের জন্যও চাকরির সুযোগ রয়েছে। পদভেদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

সবচেয়ে বেশি ১৫৮ জন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। এ পদে নবম গ্রেডে বেতন ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

এ ছাড়া টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী প্রোগ্রামার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। উভয় পদ নবম গ্রেডের। টেলিফোন ইঞ্জিনিয়ার পদে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সহকারী প্রোগ্রামার পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

ফিল্ড অফিসার পদে ৯৩ জন নিয়োগ পাবেন। দশম গ্রেডের এ পদে বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। পুরুষদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে।

কম্পিউটার অপারেটর পদে চারজন, সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে তিনজন এবং অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার পদে সাতজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন ১৩তম গ্রেড অনুযায়ী ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। সংশ্লিষ্ট পদ অনুযায়ী বিজ্ঞান বা বাণিজ্য বিভাগে স্নাতক কিংবা স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে।

কম্পিউটার টেকনিশিয়ান পদে একজন, ফটোগ্রাফার পদে দুজন এবং সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ২০ জন নেওয়া হবে। এসব পদে ১৪তম গ্রেড অনুযায়ী বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, ফটোগ্রাফি কিংবা কম্পিউটার পরিচালনার দক্ষতা প্রয়োজন।

ওয়্যারলেস অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ জন এবং গাড়িচালক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন যথাক্রমে ১৫তম ও ১৬তম গ্রেড অনুযায়ী ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা এবং ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। পদভেদে উচ্চমাধ্যমিক পাস, কম্পিউটার দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

এ ছাড়া ফিল্ড স্টাফ পদে ২৮৮ জন, ডেসপাচ রাইডার পদে দুজন, ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন এবং অফিস সহায়ক পদে ৭৬ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে ১৭তম থেকে ২০তম গ্রেডে বেতন ২০,০০০ থেকে ৫১,৯০০ টাকার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতাও প্রয়োজন।

বয়সসীমা ও আবেদন পদ্ধতি

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা। আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।