দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম বদলি হয়ে অন্য জেলায় দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সাধারণত একজন জেলা প্রশাসক একটি জেলায় প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। সেই হিসাবে তিনিও দিনাজপুরে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে তিনি মানবিকতা, আন্তরিকতা ও সৌজন্যের পরিচয় দিয়েছেন। তবে দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে না পারায় তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। বিষয়টি দিনাজপুরবাসীর অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাঁদের আশা ছিল, বড় মাঠটি আবারও সবার জন্য উন্মুক্ত হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন।

ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম আমাদের পরিবারের কাছেও একজন আপনজন হয়ে উঠেছিলেন। তাঁর কিছু মানবিক উদ্যোগ ও আন্তরিক আচরণ আমাদের পরিবারে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

২০২৫ সালের শেষ দিকে আমার আম্মা যখন উপজেলা ও জেলা পর্যায়ে ‘রত্নগর্ভা মা’ হিসেবে পুরস্কার গ্রহণ করেন, তখন জেলা প্রশাসক তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, “আমরা একজন সন্তানকে মানুষ করতে হিমশিম খাচ্ছি, আর আপনি আপনার ১০ সন্তানকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছেন। এটি এক বিরাট অবদান। আপনি সত্যিই একজন রত্নগর্ভা মা।”

তাঁর এই কথাগুলো আমাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছিল।

পরবর্তী সময়ে ২০২৬ সালে আমার আম্মা জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করলে তিনি দিনাজপুরে ব্যক্তিগতভাবে তাঁকে সম্মাননা জানান। শুধু তা-ই নয়, আমার আব্বার ৯০তম জন্মবার্ষিকীতেও তিনি আমাদের বাসায় এসে শুভেচ্ছা জানিয়েছিলেন।

একজন জেলা প্রশাসকের ব্যস্ততার মধ্যেও এ ধরনের আন্তরিকতা, শ্রদ্ধাবোধ ও মানবিক উদ্যোগ আমাদের পরিবারের কাছে তাঁকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে। তাঁর এই সৌজন্য ও মানবিক আচরণের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

তবে ব্যক্তিগত কৃতজ্ঞতা ও শ্রদ্ধার পাশাপাশি দিনাজপুরবাসীর একটি বড় প্রত্যাশা অপূর্ণই থেকে গেল। বড় মাঠটি যদি তিনি বিদায়ের আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কার্যকর উদ্যোগ নিতে পারতেন, তাহলে বিষয়টি দিনাজপুরবাসীর কাছে তাঁর দায়িত্বকালীন সময়ের একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকত।

মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন একজন প্রশাসকের বড় প্রাপ্তি। ব্যক্তিগত জীবনে মানবিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়েও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে তাঁর কর্মজীবনের স্মৃতি আরও সমৃদ্ধ হতো।

আপনার বিদায়বেলায় ব্যক্তিগত কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও কিছুটা আক্ষেপ নিয়েই কথাগুলো বললাম, জনাব মো. রফিকুল ইসলাম। আপনার মানবিক উদ্যোগগুলোর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কর্মস্থলে আপনার দায়িত্ব পালন সফল ও সুন্দর হোক—এই শুভকামনা রইল।

তবে দিনাজপুরের বড় মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার যে প্রত্যাশা ছিল, তা অপূর্ণই থেকে গেল। আপনার বিদায়বেলায় এর চেয়ে বেশি আর কী-ই বা বলার থাকতে পারে!