দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরে সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে লালমনিরহাট ও দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে জয়লাভ করে স্বাগতিক দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দুই দলের সাবেক ফুটবলাররা অংশগ্রহণ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু। দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি আবু তাহের আবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর আলম হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটোয়ারী বিজনেস হাউজ প্রাইভেট লিমিটেডের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. শামীম কবির ও মো. রুবেল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহিদুল হক সেন্টু, মাসুদ রানা, তাহের, লিটু, ওয়াসি, ইকবাল ও মো. মাহমুদুন্নবী পলাশসহ সংশ্লিষ্টরা। পুরো খেলায় ধারাভাষ্য দেন মো. আসাদ।