বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন নিয়ে ক্যাম্প ন্যুতে পা রেখেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তবে শৈশবের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার মুহূর্তে তার সামনে ছিল এক নতুন অভিজ্ঞতা। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে বড় হয়েছেন, হঠাৎ করেই তাদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সেই জড়তা কাটিয়ে নতুন পরিবেশে সহজ হতে পেদ্রিকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এ কারণেই একটি বিশেষ ঘটনার জন্য মেসির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন এই স্প্যানিশ তারকা।
২০২০ সালে কিশোর বয়সেই বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল বড় একটি চ্যালেঞ্জ। কারণ, যে ফুটবলারদের এত দিন টেলিভিশনের পর্দায় দেখেছেন, এবার তাদের সঙ্গেই অনুশীলন করতে হবে। শুধু তাই নয়, বার্সেলোনার মতো বড় ক্লাবের ড্রেসিংরুমে নিজেকে মানিয়ে নেওয়াটাও ছিল তার জন্য নতুন অভিজ্ঞতা।
বার্সেলোনায় প্রথম দিনের স্মৃতিচারণ করতে গিয়ে পেদ্রি জানিয়েছেন, ক্লাবের অনুশীলন মাঠে পৌঁছানোর পর শুরুতে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ট্যাক্সি থেকে নেমে নিরাপত্তারক্ষীর কাছে নিজের পরিচয় দিয়ে অনুশীলনে যোগ দিতে এসেছেন বলে জানান। নিরাপত্তারক্ষী তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেও কোথায় যেতে হবে, তা বুঝতে পারছিলেন না এই তরুণ ফুটবলার।
পেদ্রির ভাষায়, ‘আমি ট্যাক্সি থেকে নেমে নিরাপত্তারক্ষীর বুথে গিয়ে বললাম, হ্যালো, আমার নাম পেদ্রি। আমি এখানে অনুশীলন করতে এসেছি। নিরাপত্তারক্ষী আমাকে ভেতরে যাওয়ার ইশারা করলেন। কিন্তু কোথায় যেতে হবে, তা আমার জানা ছিল না। খেলোয়াড়দের এলাকার দরজা খুলতেই অনুমান করুন, কার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল!’
সেই প্রথম সাক্ষাৎ ছিল লিওনেল মেসির সঙ্গে। বার্সেলোনার তৎকালীন অধিনায়ককে সামনে দেখে নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছিলেন পেদ্রি। এত দিন যাকে দূর থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে যাওয়াটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।
স্মৃতিচারণ করে পেদ্রি বলেন, ‘সেটা ছিল লিও। ঠিক আমার সামনেই দাঁড়িয়ে ছিল সে। আমি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কী বলেছি তা-ও আমার মনে নেই। লিও হেসে আমাকে শান্ত হতে বলল এবং ড্রেসিংরুম পর্যন্ত এগিয়ে নিয়ে গেল।’
তবে মেসির সেই আন্তরিকতা শুধু প্রথম দিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পেদ্রির ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে আরেকটি ঘটনা তার বার্সেলোনার জীবনকে আরও সহজ করে দেয়। একদিন মেসি তাদের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে ডাকেন এবং অন্যদের সঙ্গে সময় কাটানোর জন্য ড্রেসিংরুমে আমন্ত্রণ জানান।
পেদ্রি বলেন, ‘অবশেষে একদিন লিও পাশ দিয়ে যাচ্ছিল। পরিস্থিতিটা সম্ভবত সে বুঝে ফেলেছিল। সে বলল, আরে, তোমরা এখানে কী করছ? ভেতরে এসো, আমাদের সঙ্গে আড্ডা দাও।’
এরপর মেসি তাদের ড্রেসিংরুমে নিয়ে গিয়ে বসার জায়গাও দেখিয়ে দেন। নতুন পরিবেশে সংকোচ কাটাতে এই ছোট উদ্যোগই পেদ্রির কাছে হয়ে ওঠে বিশেষ স্মৃতি। মেসির পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবাও তাদের স্বাভাবিক হতে সাহায্য করেছিলেন।
সেই মুহূর্তের কথা বলতে গিয়ে পেদ্রি বলেন, ‘তখন আমাদের অবস্থা ছিল দুইটা কুকুরছানার মতো। ওই ঘটনার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকব। লিও আর জর্দি আলবা আমাদের জড়তা কাটিয়ে দারুণ সহজ করে তুলেছিল।’
পেদ্রির এই স্মৃতিচারণে ফুটে উঠেছে মেসির নেতৃত্বের আরেকটি দিক। মাঠের অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি সতীর্থদের আপন করে নেওয়ার এই গুণও বার্সেলোনায় তার দীর্ঘদিনের প্রভাবের অন্যতম অংশ হয়ে রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন