নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে যায় বাজার এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে তিনটি মাইক্রোবাস দত্তপাড়া বাজারে এসে থামে। এরপর দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মহাসড়কে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর ২৫ থেকে ৩০ জন ব্যক্তি শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছেন বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা।

তিনি জানান, ঘটনার সময় বাজার পাহারা দিচ্ছিলেন তিনি। হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামলে কিছু বুঝে ওঠার আগেই গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সড়কে চলাচলরত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা গাড়িতে করে বনপাড়ার দিকে চলে যায়।

তবে ঘটনার সময় ব্যবহৃত গাড়ির সংখ্যা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে। কেউ তিনটি মাইক্রোবাসের কথা জানিয়েছেন, আবার কেউ দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারের কথা বলেছেন।

ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ এবং হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে একই দিন সকাল থেকে গোপালগঞ্জেও উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ, হামলা, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

নাটোরের দত্তপাড়া বাজারে গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।