চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে প্রায় শতবর্ষী মসজিদের যাতায়াতের রাস্তা জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা হাফেজ তাহের (৬৩)।
গত ১৮ নভেম্বর চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ বরাবর এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম বৈলতলী ১ নং ওয়ার্ডে অবস্থিত দেওয়ান আলী সরদার জামে মসজিদ ও মাঝির মসজিদ প্রায় ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী মসজিদে যাতায়াতের জন্য একটি রাস্তা ব্যবহার করে আসছেন।
রাস্তাটি পশ্চিম-দক্ষিণে প্রায় ৬০০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থ। মৌরশী আর এস খতিয়ান নং- ৩৪, আর এস দাগ নং- ৩৭২৯, বি এস খতিয়ান নং- ৮৫৫, বি এস দাগ নং- ২৫২৭-এর আওতাভুক্ত ৫৮ শতক জায়গার মধ্য দিয়ে রাস্তাটি বিস্তৃত।

এই রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত ছাড়াও এলাকাবাসী বাড়ি-ঘরে যাওয়া-আসা, বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও হাসপাতালে যাতায়াত করেন। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দের মাধ্যমে ওই রাস্তায় ব্রিক সলিং দ্বারা উন্নয়ন কাজও করা হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা মসজিদের চলাচলের ওই রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ১২৫ ফুট অংশ জবরদখলের চেষ্টা করছেন। তারা রাস্তার সংস্কার ও মেরামত কাজে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছেন।
অভিযোগকারীর দাবি, ওই দাগের জায়গায় বিবাদীদের কোনো ধরনের স্বত্ব-স্বার্থ নেই। তারপরও মিথ্যা ও বানোয়াট দাবি তুলে জায়গা দখলের চেষ্টা, হয়রানি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বৈলতলী ইউপি চেয়ারম্যানের পরামর্শে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের মাধ্যমে রাস্তার অংশ পরিমাপ করে সীমানা চিহ্নিত করা হয় এবং ট্রেসিং ম্যাপ প্রদান করা হয়। কিন্তু বিবাদীরা কোনো বৈঠক, পরিমাপ ও ট্রেসিং ম্যাপ মানছেন না।

এছাড়া মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি ও ক্ষতি করার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এএসআই আলা উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে বিবাদী পক্ষের পল্লী চিকিৎসক আবদুল আওয়াল জানান, চলাচলের জায়গাটি তাদের বলে দাবি করেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন