আগামীকাল লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রক্ষণভাগের বিকল্প নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কোচ হান্সি ফ্লিক। আর সেই পরিস্থিতিতে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন ১৬ বছর বয়সী প্রতিভাবান সেন্টার-ব্যাক মিকায়েল বাজা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের অনিশ্চয়তা এবং বার্সা অ্যাথলেটিকের কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ায় তরুণ এই ডিফেন্ডারকে ডেকেছেন জার্মান কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে রক্ষণভাগের বিকল্প প্রস্তুত রাখতেই বাজাকে মূল দলের অনুশীলনে যুক্ত করা হয়েছে। দলের কয়েকজন অভিজ্ঞ ডিফেন্ডারের ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় ফ্লিকের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেষ মুহূর্তে কোনো খেলোয়াড় ছিটকে গেলে যাতে বিকল্প নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেদিকেই নজর রাখছে বার্সেলোনা। তবে অনুশীলনে ডাক পাওয়ার অর্থ এই নয় যে, বাজা নিশ্চিতভাবে ম্যাচের স্কোয়াডে থাকছেন।

তরুণ এই ডিফেন্ডারকে দলে আনার পেছনে ফ্লিকের ব্যক্তিগত আগ্রহও ছিল। চলতি বছরের শুরুর দিকে জার্মান ক্লাব হামবুর্গ থেকে বাজাকে বার্সেলোনায় নিয়ে আসার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাঁর উন্নতির দিকে নজর রেখেছেন বার্সা কোচ। এবার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দিয়ে প্রতিযোগিতামূলক পরিবেশে তাঁর সামর্থ্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ফ্লিক।

বাজার মূল দলে ডাক পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস সমস্যা। শুক্রবারের অনুশীলনে অংশ নিতে পারেননি এই ডেনিশ ডিফেন্ডার। বাঁ পায়ের কাফ মাসলের পেছনের অংশে অস্বস্তি অনুভব করায় তাঁকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্লাব। পরবর্তী সময়ে বার্সেলোনা জানিয়েছে, ক্রিস্টেনসেনের সোলিয়াস পেশিতে হালকা অস্বস্তি রয়েছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

এদিকে পাউ কুবারসির খেলাও এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ফলে ক্রিস্টেনসেন শেষ পর্যন্ত খেলতে না পারলে রক্ষণভাগে প্রকৃত সেন্টার-ব্যাকের বিকল্প কমে যেতে পারে ফ্লিকের। এমন পরিস্থিতিতে তরুণ বাজাকে প্রস্তুত রাখাটা কোচের জন্য বাড়তি সুবিধা হতে পারে। তবে তাঁকে একাদশে খেলানো কিংবা ম্যাচের স্কোয়াডে রাখার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

বার্সেলোনার আরেকটি সমস্যাও রয়েছে খেলোয়াড়ের স্বল্পতা নিয়ে। শনিবার এস্পানিওল ‘বি’-র বিপক্ষে ম্যাচ খেলবে বার্সা অ্যাথলেটিক। ফলে রিজার্ভ দলের এমন কয়েকজন খেলোয়াড় মূল দলের অনুশীলনে বিকল্প হিসেবে যুক্ত হতে পারবেন না। ডার্বির প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তাঁরা। এই সীমাবদ্ধতার কারণেও বাজাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত প্রস্তুতিতে ফ্লিকের হাতে বাড়তি একজন ডিফেন্ডার থাকছেন।

আদর করে ‘মিকা’ নামে পরিচিত ১৬ বছর বয়সী বাজা বার্সেলোনার ভবিষ্যৎ রক্ষণভাগের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন। তিনি বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জনাথন তাহর কাজিন। হামবুর্গে তাঁর চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তাঁকে দলে নেওয়ার উদ্যোগ নেয় বার্সেলোনা। তবে এই প্রতিভাবান ডিফেন্ডারকে পেতে জুভেন্টাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল কাতালান ক্লাবটিকে।

শেষ পর্যন্ত চুক্তির বাস্তবতা বার্সেলোনাকে দরকষাকষিতে সুবিধা দেয়। হামবুর্গের পক্ষ থেকে শুরুতে প্রায় ২ লাখ ৫০ হাজার ইউরো দাবি করা হলেও আলোচনার মাধ্যমে সেই অঙ্ক কমানোর সুযোগ তৈরি হয়। জার্মানির যুব ফুটবলের কোচদের সঙ্গে ফ্লিকের যোগাযোগও বাজাকে খুঁজে বের করা এবং বার্সেলোনায় নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়ে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায় এই কিশোর ডিফেন্ডার।