চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা ২১ শতক নাল জমি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আবদুল আউয়াল (৪০) নামে এক পল্লী চিকিৎসক। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে করা জিডির নম্বর ৬১৪।
আবদুল আউয়াল চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলতলী গ্রামের বাসিন্দা।
জিডি সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমির পরিমাণ ২১ শতক। জমিটির আরএস খতিয়ান নম্বর ১০৬, আরএস দাগ নম্বর ৩২৭৮, বিএস খতিয়ান নম্বর ৭৩৬ এবং বিএস দাগ নম্বর ২৫২৮। এ জমি নিয়ে চন্দনাইশ আদালতে ২১/১৮ নম্বর মামলা চলমান রয়েছে। ২০১৮ সালের ১৫ মার্চ আদালত জমিটির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদীপক্ষ স্থানীয় একজন আমিনকে নিয়ে বাদীর জমিতে খুঁটি স্থাপনের চেষ্টা করে। এ সময় আবদুল আউয়ালের পক্ষ থেকে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হলে বিবাদীরা আদালত সম্পর্কে অশালীন মন্তব্য করেন এবং তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া রোগী দেখতে যাওয়ার সময় শাহজাহান নামে এক ব্যক্তি তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে বিবাদী হিসেবে পশ্চিম বৈলতলী গ্রামের হারুন (৬০), আবুল কাশেম ওরফে হাশেম (৪৫), শাহজাহান (৪৫) এবং আবু তাহেরের (৪৭) নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আবদুল আউয়াল অভিযোগ করেন, চলাচলের রাস্তা পূর্ব দিকে নেওয়ার উদ্দেশ্যে ২০০৪ ও ২০০৬ সালে দুই দফায় এবং ২০১৮ সালে কবরস্থান ভরাটের অজুহাতে ২০ থেকে ২৫ গাড়ি মাটি এনে তাঁর নাল জমি ভরাট করা হয়েছিল। পরে তিনি মাটি সরিয়ে ফেললে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে হয়রানি করা হয় বলে দাবি করেন তিনি।
আবদুল আউয়াল আরও জানান, আইনজীবীর পরামর্শে ১৫১ ও ১৪৫ ধারায় মামলা করার পর আদালত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। তাঁর অভিযোগ, মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে বারবার জমি দখলের চেষ্টা করা হচ্ছে এবং তাঁকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুর রশিদ জানান, জিডি ও আদালতের বিষয়টি তদন্তাধীন রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন