ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের মামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন দলটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। তবে বহুল আলোচিত এই আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। হলান্ডের মতে, বিষয়টি সম্পূর্ণ আইনি বিরোধ এবং এ সম্পর্কে তাঁর জানাশোনাও খুব বেশি নেই। আপাতত এসব বিতর্কের বাইরে থেকে মাঠের খেলায় মনোযোগ দিতে চান এই স্ট্রাইকার।
শনিবার রাতে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে মাঠে নামে নরওয়ে। ম্যাচটিতে ৩-১ গোলের জয় তুলে নেয় দলটি। নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হলান্ড। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করান তিনি। ম্যাচ শেষে টিভি টু স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ।
এ বিষয়ে প্রশ্ন করা হলে হলান্ড বলেন, ‘এমন প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। এটি একটি আইনি বিরোধ।’ সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের সময়কাল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত। তবে ওই সময়ে হলান্ড ম্যানচেস্টার সিটিতে ছিলেন না। এমনকি তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুর সময়টাও ছিল অন্য একটি ক্লাবে।
বিষয়টি মনে করিয়ে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নরওয়ের এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘অভিযোগগুলো তো ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে। ২০০৯...আমার মনে হয়, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আমি ব্রাইনে এফকে খেলেছি। আর কত বলব?’ তাঁর কথায় স্পষ্ট, অভিযোগের সময়কাল সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরতে চেয়েছেন তিনি।
হলান্ড আরও জানান, বিষয়টি মূলত প্রিমিয়ার লিগ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার বিরোধ। এ নিয়ে একটি প্যানেলের সামনে শুনানি চলছে। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য করা কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হলান্ড বলেন, বিষয়টি সম্পর্কে তিনি খুব বেশি কিছু জানেন না। এমন পরিস্থিতিতে এ বিষয়ে উত্তর দেওয়া তাঁর জন্য কঠিন।
সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিজে খতিয়ে দেখেননি বলেও জানিয়েছেন এই তারকা। তাঁর মূল লক্ষ্য ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করা। হলান্ড বলেন, ‘আমি ম্যানচেস্টার সিটির হয়ে পারফর্ম করার দিকেই মনোযোগ দিচ্ছি।’ ২০২২ সালে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন তিনি। পরে ২০২৪ সালের শেষ দিকে সিটির সঙ্গে সাড়ে নয় বছরের নতুন চুক্তি করেন। ক্লাবটিতে থাকতে পেরে এখনো খুশি বলেও জানিয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের সূত্রপাত ২০০৯ সালে। ২০০৮ সালে আবুধাবির মালিকানায় যাওয়ার পর ক্লাবটির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে প্রিমিয়ার লিগ। দীর্ঘ তদন্তের পর ক্লাবটির বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক বিধি ভঙ্গের ৮০টি এবং তদন্তে সহযোগিতা না করার ৩৫টি অভিযোগ রয়েছে।
মামলার প্রমাণ হিসেবে সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আদান-প্রদান করা কিছু ই-মেইলের বিষয়টিও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, আবুধাবির রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ইতিহাদ ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ইতিসালাতের কাছ থেকে পাওয়া স্পনসরশিপের অর্থ কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হয়েছিল। পাশাপাশি আবুধাবি ইউনাইটেড গ্রুপের সরাসরি বিনিয়োগকে নিয়মিত স্পনসরশিপ আয় হিসেবে দেখানোর অভিযোগও রয়েছে।
এ ছাড়া সিটির সাবেক কোচ রবার্তো মানচিনিকে দেওয়া অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তাঁর পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে হিসাবভুক্ত না করে আবুধাবির একটি ক্লাবের পরামর্শক ফি হিসেবে দেখানো হয়েছিল। এসব অভিযোগের মধ্য দিয়ে ক্লাবটির আর্থিক কার্যক্রম নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
তবে মামলার চূড়ান্ত রায়ে ম্যানচেস্টার সিটির কী শাস্তি হতে পারে, তা এখনো নিশ্চিত নয়। সবচেয়ে কঠোর সিদ্ধান্ত এলে প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। সে ক্ষেত্রে হলান্ডসহ ক্লাবটির অন্য তারকাদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে।
অন্যদিকে, অভিযোগের বিরুদ্ধে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। আপিলের প্রক্রিয়া ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। এরপর মামলার চূড়ান্ত রায় আসার কথা। ফলে ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত এই মামলার পরিণতি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন