চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ‘সাংবাদিক প্রতিনিধি’ হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নুরুল আলম। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দোহাজারী পৌরসভা এলাকায় চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. নুরুল আলম।
এ সময় দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নাছির উদ্দীন বাবলু, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এম ফয়েজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সদস্য মো. লোকমান হাকিম, জাহেদ হোসেন খান এবং ছৈয়দ শাহাবুদ্দিন মোহাম্মদ আজিজ চন্দনাইশীসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

হাসপাতালের সেবার মান বাড়ানোর প্রত্যাশা
সংবর্ধনা সভায় বক্তারা সাংবাদিক মো. নুরুল আলমকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক মো. নুরুল আলম দীর্ঘদিন ধরে চন্দনাইশের মানুষের সুখ-দুঃখ ও স্থানীয় বিভিন্ন সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরছেন। তিনি একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পরিচিত।
দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম বলেন, উপজেলা হাসপাতালের সেবার মান বাড়াতে একজন সাংবাদিক প্রতিনিধি থাকা জরুরি ছিল। সংসদ সদস্য সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় মনোনীত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু আশা প্রকাশ করেন, সাংবাদিক প্রতিনিধি হিসেবে নুরুল আলম হাসপাতালে সাধারণ রোগীরা যাতে হয়রানির শিকার না হন এবং চিকিৎসক ও নার্সরা যথাযথভাবে সেবা দেন, সে বিষয়ে নজর রাখবেন।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বলেন, এ মনোনয়ন শুধু সাংবাদিক মো. নুরুল আলমের ব্যক্তিগত সম্মান নয়, বরং চন্দনাইশের সব সাংবাদিকের সম্মান।
দায়িত্ব পালনে নিষ্ঠার প্রতিশ্রুতি নুরুল আলমের
সংবর্ধিত অতিথি মো. নুরুল আলম তাঁর বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ দায়িত্ব তাঁর জন্য অনেক বড় সম্মানের। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চন্দনাইশ উপজেলা হাসপাতালের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, হাসপাতালে কোনো অনিয়ম থাকলে তা তুলে ধরবেন। চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. নুরুল আলম দৈনিক দেশ রূপান্তর ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চন্দনাইশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন