পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক বিপণিবিতান ‘বারাকাহ শপিংমল’। আগামী ১লা জানুয়ারি শপিংমলটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এক ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পটিয়া সদরের একটি অভিজাত রেস্তোরাঁয় বারাকাহ শপিং মলের শেয়ারহোল্ডারদের সঙ্গে পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন বছরের ১ জানুয়ারি পটিয়ায় উদ্বোধন হচ্ছে বারাকাহ শপিংমল।
পটিয়ায় উদ্বোধন বারাকাহ শপিংমল

সভায় জানানো হয়, বারাকাহ শপিংমলে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে থাকবে আলাদা আলাদা জোন। এর মধ্যে রেডিমেড গার্মেন্টস, জেন্টস ও কিডস জোনের পাশাপাশি বিয়ের বাজারের জন্য থাকবে বিশেষ আয়োজন। সেখানে পাওয়া যাবে থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গাসহ বিভিন্ন ধরনের পোশাক। এ ছাড়া থাকবে স্বতন্ত্র কসমেটিকস জোন। সব মিলিয়ে একই ছাদের নিচে পরিবার ও সব বয়সী ক্রেতাদের জন্য প্রয়োজনীয় কেনাকাটার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট শেখ মো. ওমর ফারুকের পাশাপাশি অন্যতম পরিচালক মো. আনোয়ার, খলিলুর রহমান, মোক্তাদীর আলম বাহার, আশিকুল মোস্তফা তাইফু, শফিউল আযম, মো. এরশাদ, অ্যাডভোকেট মাইনুল ইসলাম সুমন, নুরুল আমিনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

শপিংমলের ফ্লোর পরিদর্শন ও সার্বিক অবকাঠামোগত কার্যক্রম ঘুরে দেখার পর উদ্যোক্তা, পরিচালক ও শেয়ারহোল্ডাররা এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন। দীর্ঘ সময়ের মতবিনিময়, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পর এই ভোজনপর্বে সবাই একসঙ্গে মিলিত হন।

পটিয়ায় আধুনিক ও সাশ্রয়ী কেনাকাটার নতুন সম্ভাবনা হিসেবে বারাকাহ শপিংমল চালুর উদ্যোগকে ঘিরে স্থানীয় ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের।