শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্ন করে রাখা শাড়ির প্রতি অনেকেরই আলাদা টান রয়েছে। সেই ভালো লাগার পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে সাশ্রয়ের বিষয়টিও খুঁজে পেয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জামদানি শাড়ির প্রতি তাঁর ভালোবাসার গল্পে উঠে এসেছে এমনই এক মজার অভ্যাস।

জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে যান না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন। এতে নতুন শাড়ি কেনার খরচ যেমন বাঁচে, তেমনি মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে তৈরি হয় অন্য রকম ভালো লাগা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি মায়ের শাড়ি পরার অভ্যাস নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন প্রভা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

শুধু মায়ের শাড়ির প্রতি ভালোবাসা নয়, এর পেছনে রয়েছে খরচ বাঁচানোর ভাবনাও। প্রভার ভাষায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

প্রভার এই অভ্যাসে উঠে এসেছে মায়ের পোশাকের প্রতি মমতা এবং সাশ্রয়ী থাকার একটি সহজ দৃষ্টান্ত। নতুন শাড়ি কেনার বদলে মায়ের সংগ্রহ থেকে পছন্দের জামদানি বেছে নেওয়ার মধ্যে তিনি খুঁজে পান আনন্দ ও স্মৃতির মেলবন্ধন।