দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলা থেকে আসা ৬৫৫ জন চাকরিপ্রত্যাশীর মধ্যে ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

চাকরি পাওয়া তরুণদের ওয়েল্ডিং (০৬জি), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অটোমোটিভ মেকানিকস, ড্রাইভার, ড্রাইভারের সহকারী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের নিশ্চয়তা দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা আনসার ও ভিডিপির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমানুল বারী এবং প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, চলতি বছর পরপর দুটি পর্বে জব ফেয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৩১৭ জন প্রশিক্ষণার্থীর ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আনসার-ভিডিপির এ উদ্যোগ বেকারত্ব নিরসনে ইতিবাচক ভূমিকা রাখছে।