রাজধানী ঢাকায় রাতের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৫২ শতাংশ।

এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

অন্যদিকে, শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া অধিদফতর। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।