ইসলামি আলোচক ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত সংস্থাটির ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো জরুরি ছিল। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক, যিনি ড. জাকির নায়েক নামে পরিচিত, এবং তাঁর সহযোগীরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বৈরিতা ও ঘৃণা ছড়ানোর কাজে জড়িত। তাঁদের বক্তব্য ও মতাদর্শের মাধ্যমে দেশের ভেতরে এবং বাইরে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও অভিযোগ করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব উগ্র বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তবে এসব বিষয়কে ভারত সরকারের অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএর আওতায় প্রথমবারের মতো ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। পরে ২০২১ সালে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০৩১ সাল পর্যন্ত আইআরএফের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।