তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিশক জুয়েলারি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় জনপ্রিয় ইউটিউবার মীনাক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন তাঁর প্রেমিক নিশান্ত এখনো পলাতক রয়েছেন। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য নিশান্তের বাবা সুরেশকে আটক করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গয়নার মধ্যে এখন পর্যন্ত প্রায় পাঁচ কেজি স্বর্ণ ও হীরার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মীনাক্ষীর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। চুরির ঘটনার দুই দিনের মাথায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর সম্পৃক্ততা এবং অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মাদুরাইয়ের বাইপাস রোডে অবস্থিত তানিশক জুয়েলারি শোরুমে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চুরির বিষয়টি সামনে আসে। সেদিন সকালে কর্মীরা দোকান খুলে ভেতরে প্রবেশ করে দেখেন, বিক্রির জন্য সাজিয়ে রাখা স্বর্ণ ও হীরার গয়নাগুলো নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, মুখোশধারী এক ব্যক্তি লিফটের কাছের একটি ফাঁকা জায়গা দিয়ে শোরুমের ভেতরে প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, ভবনে লিফট স্থাপনের কাজে ব্যবহৃত দড়ি বেয়ে তিনি ভেতরে ঢোকেন। এরপর শোরুমে থাকা মূল্যবান গয়নাগুলো নিয়ে পালিয়ে যান।

মাদুরাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শোরুম থেকে প্রায় ১১ দশমিক ৪৬৫ কেজি স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়েছে। এসব গয়নার মূল্য কয়েক কোটি রুপি বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া গয়নার মোট মূল্য প্রায় ১৫ কোটি রুপি। এর মধ্যে হীরার গয়নার মূল্যও উল্লেখযোগ্য।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করতে মাদুরাই পুলিশের নয়টি বিশেষ দল গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে শোরুম ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন কর্মকর্তারা। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তদন্তকারীরা শোরুমে সাম্প্রতিক সময়ে যাতায়াত করা ব্যক্তিদের পরিচয় যাচাই করছেন। তাঁদের তালিকায় রয়েছেন সাবেক কর্মী এবং নির্মাণকাজ, অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন সরঞ্জাম স্থাপনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এসব ব্যক্তির কারও সঙ্গে চুরির ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

পুলিশের ধারণা, ভোর ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। এ কারণে ওই সময় এলাকায় চলাচল করা বিভিন্ন যানবাহনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা ট্রেনে করে মাদুরাই ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।

ইউটিউবার মীনাক্ষীর গ্রেপ্তার এবং প্রায় পাঁচ কেজি গয়না উদ্ধারের ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে চুরির মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন নিশান্ত এখনো গ্রেপ্তার হননি। তাঁকে খুঁজে বের করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।