শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফেটে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া কিংবা ঠোঁটের চামড়া উঠে যাওয়ার সমস্যা অনেকেরই দেখা দেয়। বিশেষ করে ঠান্ডা বাতাস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ঠোঁট দ্রুত আর্দ্রতা হারায়। ফলে ঠোঁটে দেখা দেয় অস্বস্তি, জ্বালাপোড়া ও ব্যথা। তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাস এবং নিয়মিত যত্নের মাধ্যমে শীতেও ঠোঁট রাখা সম্ভব নরম ও সুস্থ।

শীতের সকালে ঘাসের ওপর জমে থাকা শিশির যেমন ঋতু পরিবর্তনের বার্তা দেয়, তেমনি ঠান্ডা বাতাস জানান দেয় শীতের আগমনী বার্তা। এ সময় ত্বকের পাশাপাশি ঠোঁটেরও বিশেষ যত্ন প্রয়োজন। কারণ ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা এবং এতে প্রাকৃতিক তেলগ্রন্থি নেই। তাই শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁট সহজেই আর্দ্রতা হারিয়ে ফেলে।

নিয়মিত লিপ বাম ব্যবহার করুন

শীতে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত লিপ বাম ব্যবহার করা জরুরি। বাইরে বের হওয়ার আগে এবং ঠোঁট শুষ্ক অনুভব হলে লিপ বাম লাগান। পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিনও ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। সম্ভব হলে সুগন্ধি ও জ্বালাপোড়ার উপাদানমুক্ত লিপ বাম ব্যবহার করুন।

পর্যাপ্ত পানি পান করুন

শীতকালে অনেকেই তৃষ্ণা কম অনুভব করেন। ফলে পানি পান করার পরিমাণও কমে যায়। শরীরে পানির ঘাটতি দেখা দিলে ঠোঁটসহ ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই শীতের সময়ও নিয়মিত পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পাশাপাশি ফলমূল ও পানিসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

ঠোঁট চাটার অভ্যাস বাদ দিন

ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই স্বস্তি পেতে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজান। কিন্তু এই অভ্যাসে সাময়িক আরাম মিললেও পরে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। লালারস শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতাও কমে যায়। তাই ঠোঁট চাটার পরিবর্তে লিপ বাম ব্যবহার করুন।

ঘুমানোর আগে ঠোঁটের যত্ন নিন

সারাদিনের ব্যস্ততার পর রাতে ঘুমানোর আগে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এ সময় ঠোঁট পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি বা ঘন ময়েশ্চারাইজিং লিপ বাম লাগিয়ে নিন। এতে রাতভর ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠেও ঠোঁট তুলনামূলক নরম অনুভূত হতে পারে।

ঠোঁটের মৃত চামড়া তুলতে সতর্ক থাকুন

শীতকালে ঠোঁটের ওপরের চামড়া উঠে গেলে অনেকেই জোরে ঘষে তা তুলে ফেলেন। এতে ঠোঁটে ক্ষত তৈরি হতে পারে এবং রক্তপাতও হতে পারে। তাই ঠোঁটের চামড়া টেনে তোলা বা শক্তভাবে স্ক্রাব করা থেকে বিরত থাকুন। ঠোঁট ফেটে গেলে স্ক্রাব না করে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

সাধারণত নিয়মিত যত্ন নিলে ঠোঁট ফাটার সমস্যা কমে যায়। তবে দীর্ঘদিন ধরে ঠোঁট ফাটা, অতিরিক্ত ব্যথা, রক্তপাত কিংবা ঘা হওয়ার মতো সমস্যা দেখা দিলে অবহেলা করা ঠিক নয়। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শীতের সময় ঠোঁটের যত্ন নিতে দামি প্রসাধনীর প্রয়োজন নেই। পর্যাপ্ত পানি পান, নিয়মিত লিপ বাম ব্যবহার এবং কিছু খারাপ অভ্যাস এড়িয়ে চললেই ঠোঁটের শুষ্কতা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।