হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁকে মাহফিলে আসতে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ দাবির প্রতিবাদে নিজের অবস্থানে অনড় থেকে মাহফিলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাহেরীও। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আগামী রবিবার (১৫ নভেম্বর) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিলের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিরোধের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করে শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা এনামুল হক ফয়সন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজাহিদ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রদল নেতা রাসেল মিয়া, বিএনপি নেতা হাসিম মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সমাবেশে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই তাহেরীর মাহফিলে অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ সময় তিনি তাহেরীকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।
তবে বিএনপি নেতাদের এমন ঘোষণার পরও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এ বিষয়ে তিনি বলেন, “কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।”
অন্যদিকে, মাহফিল আয়োজকরা জানিয়েছেন, বিএনপি নেতারা কেন এমন অবস্থান নিয়েছেন, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। তাঁরা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে এ বিরোধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকার বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বর্তমান সংসদ সদস্য এসএম ফয়সলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ভোট পেয়েছিলেন বলে জানা গেছে। নির্বাচনী রাজনীতিতে তাঁর সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিরোধের কারণে মাহফিল ঘিরে পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এখন নির্ধারিত দিনে মাহফিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন