দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও ক্রীড়া আয়োজনকে ঘিরে ব্যস্ত একটি দিন কাটাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন তিনি। সফরে মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)- এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।
মোংলা বন্দরে আনুষ্ঠানিকতা শেষে বন্দরটির সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা উন্নয়নের কাজ করা হবে। এর মাধ্যমে বন্দরের অবকাঠামো ও পণ্য পরিবহনের সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এরপর দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা জেলার উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে খুলনা সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে তার। সফরের এই অংশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে তার অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা নগরীতেও প্রস্তুতি ও সাজসজ্জা দেখা যাচ্ছে। বিভিন্ন দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরের সব কর্মসূচি শেষে বৃহস্পতিবারই ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন