আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান জানান দিলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সরাসরি সংগীত পরিবেশন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ২৭তম আসরে পুয়ের্তো রিকোর জনপ্রিয় সংগীতশিল্পী ড্যাডি ইয়াঙ্কির সঙ্গে মঞ্চ ভাগ করে নেন এই গায়ক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। সেখানে দিলজিৎ ও ড্যাডি ইয়াঙ্কি তাঁদের সদ্য প্রকাশিত যৌথ গান ‘পোকিতো’ পরিবেশন করেন। পাঞ্জাবি ও লাতিন সংগীতের মেলবন্ধনে তৈরি এই পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশনার একটি ভিডিও প্রকাশ করেন দিলজিৎ। সেখানে তিনি লেখেন, ‘পাঞ্জাবিরা চলে এসেছে লাতিন গ্র্যামিতে। বিশ্বের প্রতিটি মঞ্চে পাঞ্জাবি ভাষা ছড়িয়ে পড়বে। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।’ একই মঞ্চে দুটি সংস্কৃতিকে একত্র করার জন্য ড্যাডি ইয়াঙ্কির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান এই গায়ক।

এবারের অনুষ্ঠানে দিলজিৎ ও ড্যাডি ইয়াঙ্কি ছাড়াও সংগীত পরিবেশন করেন বেবি র‍্যাঙ্কস, ব্যাড গিয়াল, ডিভিনো, ডিজে প্রিমিয়ার, গ্রুপো নিচে, জে হুইলার, লিল সুপা, লুইস এনরিক ও ন্যাথি পেলুসোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পী।

এদিকে অনুষ্ঠানের নেপথ্যে ড্যাডি ইয়াঙ্কির মা রোসা রদ্রিগেজের সঙ্গে দিলজিতের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিচয় করিয়ে দেওয়ার পর শ্রদ্ধা জানাতে রোসা রদ্রিগেজের পা ছুঁয়ে সালাম করেন দিলজিৎ। এ সময় পাশে ছিলেন ড্যাডি ইয়াঙ্কিও।

লাতিন গ্র্যামির মঞ্চে দিলজিতের এই পরিবেশনা তাঁর আন্তর্জাতিক সংগীতযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কোচেলা সংগীত উৎসবে গান গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। আগামী ২০২৭ সালেও কোচেলা উৎসবে ফিরছেন দিলজিৎ। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ ও ১৬ এপ্রিল মঞ্চে ওঠার কথা রয়েছে তাঁর। একই আয়োজনে প্রধান শিল্পী হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী দুয়া লিপা।

বর্তমানে ভারতের বিভিন্ন শহরে ‘আউরা ট্যুর ২০২৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৪২ বছর বয়সী এই গায়ক। গত ৩০ অক্টোবর দিল্লিতে শুরু হয়েছে তাঁর সংগীত সফর। আগামী ১৫ নভেম্বর ইন্দোরে পরবর্তী পরিবেশনা হওয়ার কথা রয়েছে।