আজমেরী হক বাঁধনের ওপর হামলা: ইতালিতে ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির সংবাদপত্র ইল গাজ্জেত্তিনো–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। পাশাপাশি তদন্তের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে। উৎসবের ‘হরাইজন্টস’ বিভাগে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন বাঁধন। প্রদর্শনী শেষে লিদো দ্বীপ থেকে মূল ভূখণ্ডে নিজের আবাসস্থলে ফিরে যান তিনি।
এরপর ভাই, ভাবি ও ছোট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন অভিনেত্রী। এ সময় স্থানীয় একটি সড়কে প্রায় ১০ জন পুরুষ তাদের ঘিরে ধরে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক ছিলেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাঁধনকে লক্ষ্য করে হুমকি দেয় এবং অশ্লীল ও লিঙ্গবিদ্বেষী মন্তব্য করে গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা অভিনেত্রীর দিকে ডিম ছুড়ে মারে। পরে তার শরীরে কোকা-কোলা ও পানি ঢেলে দেওয়া হয়।
এ সময় হামলাকারীরা বাঁধনের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং সেটি দিয়েই তাকে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাদের একজন অভিনেত্রীকে সজোরে চড় মারেন। এতে তার চশমা মাটিতে পড়ে যায়। পুরো ঘটনাটি তার পরিবারের সদস্যদের সামনেই ঘটে।
বাঁধনকে রক্ষা করতে তার ভাই ও ভাবি নিজেদের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করেন। তবে হামলাকারীদের কয়েকজন তখনও তাদের মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে থাকে। এর মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। পরে ভিডিওটি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে।
ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষকে সহায়তার জন্য বাঁধন নিজেও তাদের ভিডিও ধারণ করে রাখেন। তদন্তের স্বার্থে এসব ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হতে পারে।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে ঘটে যাওয়া এ ঘটনা ইতালি ও বাংলাদেশ দুই দেশেই কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছিল। ফলে শুরু থেকেই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল বাংলাদেশ দূতাবাস।
সর্বশেষ প্রতিবেদনে তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত এবং সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশের কথা জানানো হয়েছে। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল কিংবা সন্দেহভাজনদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন