দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে দেখা হলো ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিক শায়না এনসির। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে পুরোনো বন্ধু শায়নার সঙ্গে দেখা ও ছবি তোলেন এই তারকা দম্পতি। পরে সেই মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বন্ধুত্বের পুরোনো স্মৃতি তুলে ধরেন শায়না।
শনিবার (২৮ নভেম্বর) এক্সে ছবিগুলো শেয়ার করেন শায়না। ছবির সঙ্গে তিনি লেখেন, কিছু বন্ধুত্বে নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু বিশ্বাসের। ১৮ বছর বয়সে ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সে সময় ঐশ্বরিয়া রায় ছিলেন মিস ওয়ার্ল্ড। দীর্ঘ ৩৫ বছর পরও তাঁদের বন্ধুত্বে সেই পুরোনো আন্তরিকতা অটুট রয়েছে বলে জানান শায়না।
ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে শায়না লেখেন, তাঁদের সঙ্গে দেখা করে দারুণ ভালো লেগেছে। সম্পর্কের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা বা ভান নেই, বরং রয়েছে পুরোনো আপনত্বের অনুভূতি। কিছু সম্পর্কের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না বলেও উল্লেখ করেন তিনি।
পুরোনো বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিক হলো স্বাচ্ছন্দ্য, এমনটাই মনে করেন শায়না। তাঁর ভাষায়, কয়েক মাস কিংবা কয়েক বছর পর দেখা হলেও মনে হয়, যেন গতকালই তাঁদের দেখা হয়েছিল।
ঐশ্বরিয়ার সঙ্গে বন্ধুত্বের স্মৃতিচারণা করে শায়না জানান, তাঁদের সম্পর্কের শুরু অনেক আগে। ঐশ্বরিয়া তাঁর নকশা করা শাড়িও পরেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি সংগ্রাম করছিলেন, তখনো পাশে ছিলেন এই অভিনেত্রী। এমনকি ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য শায়নার বিভিন্ন সামাজিক উদ্যোগেও সমর্থন দিয়েছেন ঐশ্বরিয়া।
এদিকে ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায়। বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করা ছবিটি বক্স অফিসে সফলতা পেয়েছিল। তবে এখনো নতুন কোনো সিনেমায় অভিনয়ের ঘোষণা দেননি অভিনেত্রী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন