দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় ‘অস্টিন পাওয়ার্স’ সিরিজের চতুর্থ সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স। তিনি জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্য লেখার কাজ করছেন। যদিও গল্পের বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না, তবে নিজের জনপ্রিয় চরিত্রে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা।
সম্প্রতি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাইক মায়ার্স বলেন, ‘হ্যাঁ, আমি এখন চিত্রনাট্য লিখছি। কাজটি করতে বেশ ভালো লাগছে। তবে গল্পের বিষয়ে আমি খুব গোপনীয়তা বজায় রাখছি। অস্টিন একজন গুপ্তচর, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।’
১৯৯৭ সালে ‘অস্টিন পাওয়ার্স: ইন্টারন্যাশনাল ম্যান অব মিস্ট্রি’ সিনেমার মাধ্যমে সিরিজটির যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৯ সালে মুক্তি পায় ‘অস্টিন পাওয়ার্স: দ্য স্পাই হু শ্যাগড মি’। ২০০২ সালে দর্শকের সামনে আসে তৃতীয় সিনেমা ‘অস্টিন পাওয়ার্স ইন গোল্ডমেম্বার’। তিনটি সিনেমাতেই অস্টিন পাওয়ার্সের পাশাপাশি ডক্টর ইভিল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মাইক মায়ার্স।
এর আগে ২০১৯ সালে অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন, সিরিজের চতুর্থ সিনেমার গল্প ডক্টর ইভিলের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হতে পারে। তবে নতুন সিনেমায় এমন পরিকল্পনা থাকছে কি না, তা এখনো নিশ্চিত করেননি তিনি। চলতি বছর একটি বিজ্ঞাপনেও আবার ডক্টর ইভিল চরিত্রে দেখা গেছে তাঁকে।
শুধু অস্টিন পাওয়ার্স নয়, আরেক জনপ্রিয় চরিত্র শ্রেক হিসেবেও ফিরছেন মাইক মায়ার্স। ‘শ্রেক’ সিরিজের পঞ্চম সিনেমায় আবারও কণ্ঠ দেবেন তিনি। সিরিজটির গল্প ও নির্মাতাদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অভিনেতা বলেন, চরিত্রটি তাঁর কাছে ভীষণ আনন্দের। সিনেমাগুলোর বার্তা এবং সহশিল্পী ক্যামেরন ডিয়াজ ও এডি মারফির কাজও তাঁর খুব পছন্দ।
এদিকে শ্রেকের বন্ধু গাধা চরিত্রকে নিয়ে নির্মিতব্য নতুন সিনেমায় মাইক মায়ার্স থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সিনেমাটিতে গাধা চরিত্রের শুরুর গল্প তুলে ধরা হবে বলে জানা গেছে। চরিত্রটির প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেতা বলেন, গাধা তাঁর সর্বকালের অন্যতম প্রিয় চরিত্র। সিনেমাটি দেখার জন্য তিনি সবার আগে অপেক্ষা করবেন।
অস্টিন পাওয়ার্সের নতুন অভিযান এবং শ্রেকের প্রত্যাবর্তন, দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতেই মাইক মায়ার্সের সম্পৃক্ততা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। তবে অস্টিন পাওয়ার্সের চতুর্থ সিনেমার মুক্তির তারিখ ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন