২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের চার দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৯ বছর পর ফুটবল বিশ্বকাপের আসর ফিরছে যুক্তরাজ্যে। ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের ফুটবল বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল দেশ চারটি। ফিফার অনুমোদনের পর বিষয়টি নিশ্চিত হয়েছে।
ফিফা কংগ্রেসের বিশেষ ভার্চুয়াল সভায় চার দেশের যৌথ আয়োজক হওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। ‘অল টুগেদার’ নামে জমা দেওয়া দরপত্রটিই ছিল ২০৩৫ বিশ্বকাপের একমাত্র প্রস্তাব। ফলে প্রতিদ্বন্দ্বী কোনো দেশের সঙ্গে লড়াই করতে হয়নি তাদের। এই আয়োজনের মাধ্যমে ইউরোপের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
২০৩৫ নারী বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। তবে আয়োজক চারটি দেশ স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার সুযোগ পাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা। বিবিসি স্পোর্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যৌথ দরপত্রে মোট ১৯টি স্টেডিয়ামের প্রস্তাব দিয়েছে আয়োজক দেশগুলো। এর মধ্যে ইংল্যান্ডে রয়েছে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং নর্দার্ন আয়ারল্যান্ডে একটি ভেন্যু। প্রস্তাবিত স্টেডিয়ামগুলোর তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী ওয়েম্বলি, ওল্ড ট্র্যাফোর্ড, এমিরেটস স্টেডিয়াম, ইতিহাদ স্টেডিয়াম, সেন্ট জেমস’ পার্ক, ভিলা পার্ক ও এলান্ড রোড।
এ ছাড়া স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ক ও ইস্টার রোড এবং ওয়েলসের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম ও কার্ডিফ সিটি স্টেডিয়ামও রয়েছে প্রস্তাবিত ভেন্যুর তালিকায়। নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে ম্যাচ আয়োজনের জন্য পুনর্নির্মাণ করা হচ্ছে উইন্ডসর পার্ক। সব মিলিয়ে প্রাথমিক পরিকল্পনায় ১৬টি শহরে ১৯টি স্টেডিয়ামে খেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে ভবিষ্যতে ভেন্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চেলসির সম্ভাব্য নতুন স্টেডিয়ামসহ আরও তিনটি মাঠ যুক্ত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। সেগুলো যুক্ত হলে টুর্নামেন্টটি ১৬টি শহরের ২২টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।
২০২২ সালে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন এবং শিরোপা জয়ের পর যুক্তরাজ্যের এই বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম মনে করেন, বিশ্বকাপ আয়োজন নারী ফুটবলের বিকাশে বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, ইউরো ২০২২ আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছিল। পাশাপাশি নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণাদায়ী খেলোয়াড়দের রোল মডেল হিসেবে তুলে ধরা সম্ভব হয়েছে। এবার বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে চারটি দেশজুড়েই সেই অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া যাবে।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েলও এই আয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, স্কটল্যান্ডে নারী ও মেয়েদের ফুটবলের জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি।
এদিকে একই ভার্চুয়াল সভায় ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার যৌথ দরপত্র। ফিফার মূল্যায়নে যুক্তরাজ্যের দরপত্র পাঁচের মধ্যে ৪.৩ নম্বর পেয়েছে। তবে কর ও নিরাপত্তা সংক্রান্ত সরকারি নিশ্চয়তার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
অন্যদিকে ২০৩৫ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ডের বর্তমান নারী দল। কোচ সারিনা ভিগম্যান ইউক্রেনের বিপক্ষে নারী বিশ্বকাপ প্লে-অফ ম্যাচের জন্য নতুন দুই খেলোয়াড়কে দলে ডেকেছেন। ফলে আয়োজক হওয়ার পাশাপাশি মাঠের লড়াইয়েও নিজেদের প্রস্তুত রাখছে ইংল্যান্ড।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন