যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস ডিস্ট্রিক্ট ৪৭ আসনের নির্বাচনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি। রিপাবলিকান প্রার্থী জেনিফার মুশটলারের বিপরীতে পাওয়া প্রাথমিক ফলে এগিয়ে থাকায় তাঁকে ঘিরে ভারতীয়-আমেরিকানদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।

নির্বাচনে জয়ী হলে টেক্সাস আইনসভায় প্রথম ভারতীয়-আমেরিকান নারী এবং প্রথম এশিয়ান-আমেরিকান ডেমোক্র্যাট নারী হিসেবে ইতিহাস গড়বেন পূজা। এর আগে তিনি টেক্সাসের স্টেট প্রতিনিধি ভিকি গুডউইনের চিফ অব স্টাফ এবং ট্রাভিস কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে অভিবাসন আইনজীবী হিসেবেও কাজ করেছেন পূজা। নিজের নির্বাচনী প্রচারে শিশুদের নিরাপত্তা, বন্দুক নিয়ন্ত্রণ এবং সরকারি স্কুলে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। উভালদে স্কুলে বন্দুক হামলায় সন্তান হারানো এক বাবার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতাও তুলে ধরেছেন।