নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতা মোশাররফ হোসেন শান্তকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।