এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে-
২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
নতুন এই দর কার্যকর হওয়ায় স্বর্ণ ও রূপা কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন