জার্মানিতে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় মাইলফলক অর্জিত হয়েছে। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৯০.২ টেরাওয়াট-ঘণ্টা। এই উৎপাদন ২০২৫ সালের পুরো বছরের মোট উৎপাদনকেও ছাড়িয়ে গেছে। সৌরবিদ্যুৎ স্থাপনার সংখ্যা বৃদ্ধি এবং অনুকূল আবহাওয়াকে এই সাফল্যের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বার্লিনভিত্তিক জার্মান সোলার অ্যাসোসিয়েশন (বিএসডব্লিউ-সোলার) জানিয়েছে, চলতি বছর দেশটিতে স্বাভাবিকের তুলনায় বেশি সূর্যালোক পাওয়া গেছে। পাশাপাশি দ্রুত বেড়েছে ফোটোভোল্টাইক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ স্থাপনা। এ ধারা অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ সৌরবিদ্যুৎ উৎপাদন ১০০ টেরাওয়াট-ঘণ্টা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।
উৎপাদনের পরিমাণের তুলনা করলে দেখা যায়, জার্মানির বর্তমান সৌরবিদ্যুৎ উৎপাদন হামবুর্গের মতো বড় একটি শহরের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ গুণ। দুই দশক আগে দেশটিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ২.২ টেরাওয়াট-ঘণ্টা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বিএসডব্লিউ-সোলারের প্রধান নির্বাহী কার্স্টেন কোরনিগ বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় সৌরবিদ্যুতের এই অগ্রগতি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতে, ফোটোভোল্টাইক প্রযুক্তি এখন আর প্রান্তিক কোনো প্রযুক্তি নয়, বরং বিদ্যুৎ সরবরাহব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সৌরশক্তির বিস্তার তুলনামূলক সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি আমদানির ব্যয় কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহায়তা করছে।
বর্তমানে জার্মানির মোট বিদ্যুৎ উৎপাদনের ১৭.৮ শতাংশ আসে সৌরশক্তি থেকে। দেশটির নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের উৎসগুলোর মধ্যে বায়ুশক্তি রয়েছে প্রথম স্থানে, কয়লা দ্বিতীয় এবং সৌরশক্তি তৃতীয় অবস্থানে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন