নখের সৌন্দর্য বাড়াতে এবং স্টাইলিশ ও দীর্ঘস্থায়ী গ্লসি লুক পেতে আজকাল অনেকেই নিয়মিত নেল পলিশ ব্যবহার করে থাকেন। কিন্তু নখের এই সৌন্দর্য ধরে রাখার চর্চাটি যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা অনেকেরই অজানা। সম্প্রতি ইউরোপে নির্দিষ্ট কিছু ক্ষতিকর কেমিক্যালের ওপর নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে যে, এই সুন্দর নেল পলিশ আমাদের ত্বক ও নখের জন্য নীরব কোনো বিপদ ডেকে আনছে কি না।

বিশেষজ্ঞদের মতে, নেল পলিশে বেশ কিছু শক্তিশালী কেমিক্যাল থাকে। নিয়মিত এসব রাসায়নিক উপাদানের ব্যবহারে ত্বকে অ্যালার্জি ও জ্বালাপোড়া হতে পারে এবং ক্ষেত্রবিশেষে এটি হরমোনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নখ সরাসরি কেমিক্যাল শোষণ না করলেও, নখের আশপাশের ত্বক ক্ষতিগ্রস্ত থাকলে সেখান থেকে ক্ষতিকর উপাদান সহজেই শরীরে প্রবেশ করতে পারে। অতিরিক্ত নেল পলিশ ব্যবহারের ফলে নখ পাতলা ও শুষ্ক হয়ে যাওয়া এবং কিউটিকলের চারপাশে লালচে ভাব ও চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।

এসব স্বাস্থ্যঝুঁকির কারণে বিশেষ করে গর্ভবতী নারী, সংবেদনশীল ত্বকের অধিকারী বা অ্যালার্জিতে ভোগা ব্যক্তিদের জেল নেল পলিশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ত্বকের ক্ষতি কমাতে ঘন ঘন জেল ম্যানিকিউর না করে মাঝেমধ্যে বিরতি দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি নিরাপদ উপায়ে নেল পলিশ তুলে ফেললে নখের ওপরের অংশ ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রেহাই পায়। রাসায়নিক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নখের যত্ন নিতে বাড়িতেই ঘরোয়া উপায়ে ম্যানিকিউর করতে পারেন। এর জন্য শ্যাম্পু, গোলাপ জল ও ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।