দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন এই টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ লক্ষ্য সামনে রেখে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রস্তুতির সব কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ করা সম্ভব হলে ১৬ ডিসেম্বর থেকে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। তবে এটিই পূর্ণাঙ্গ উদ্বোধন নয়। পরবর্তী সময়ে পুরো টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় কাজ অব্যাহত থাকবে।

প্রস্তুতিমূলক সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন এবং বিভিন্ন ব্যবস্থার পরীক্ষামূলক পরিচালনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পায়।

নির্ধারিত সময়ে আংশিক কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে সভায়। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিজয় দিবস থেকেই সীমিত পরিসরে তৃতীয় টার্মিনাল ব্যবহার শুরু হবে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।