অপেক্ষার অবসান হচ্ছে আজ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর একযোগে প্রকাশ করা হবে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও জানা যাবে কাঙ্ক্ষিত ফল।

আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ফলাফল ডাউনলোড করতে পারবে। এ জন্য ব্যবহার করতে হবে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানার সুযোগ থাকবে।

ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং শেষে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজটি হবে HSC DHA 123456 2026। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

এবার পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন সময়ে আন্দোলনও হয়েছিল।

সব মিলিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এখন ফল প্রকাশের অপেক্ষায় পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা।